নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে সস্ত্রীক হেনস্থা করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল সোনারগাঁ থানায় হাজির হয়ে মামুনুলের পক্ষে অভিযোগ দায়ের করেছেন হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহামুদ হাবিবী।
অভিযোগের সত্যতা স্বীকার করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবকাশ যাপনের জন্য পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষে সস্ত্রীক অবস্থান নেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি রিসোর্টের সম্পূর্ণ নিয়মকানুন মেনে অবস্থান করছিলেন। কিন্তু হোটেল মালিক সাইদুর রহমানের ম্যানেজার ও কর্মচারীরা মামুনুল হককে নিরাপত্তা দিতে ব্যর্থ হন এবং সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ মো. সোহাগ রনির নেতৃত্বে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে আল্লামা মামুনুল হকের ওপর হামলা চালায়। তার জামার কলার ছিঁড়ে ফেলে, দাড়ি মুবারক ধরে টান দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মামুনুল হকের পক্ষে হেফাজতে ইসলামের নেতারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।










