‘ভিক্ষাবৃত্তিকে না বলুন’ স্লোগান নিয়ে বরিশালে ৪৪ জন ভিক্ষুকের মাঝে ভ্যানগাড়িসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে ভিক্ষুকমুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ৪৪ জন নারী-পুরুষ ভবঘুরে ভিক্ষুকের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন, ছাগল, মুদি দোকানের মালপত্র ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক একেএম আক্তারুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার (এনডিসি) মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, বরিশাল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ।

শুরুতে ভিক্ষুকমুক্ত বরিশাল গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করার পাশাপাশি তাদের পুনর্বাসনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে পুনর্বাসিত ১৪ জন ভিক্ষুকের মাঝে নতুন ভ্যানগাড়ি, ১৪ জনকে চা ও মুদিদোকানের মালামাল, দুজনকে ছাগল, দুজনকে সেলাই মেশিন, দুজনকে ফল বিক্রয়সামগ্রী, সাতজনকে সেলাই কাজের উপকরণ, তিনজনকে কাপড়ের ব্যবসায়িক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথি। ৪৪ জন ভবঘুরে ভিক্ষুকদের মাঝে ২২ জন নারী ও ২২ জন পুরুষ। তাদের মধ্যে আটজন শারীরিক প্রতিবন্ধী।