আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদিত পণ্যে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে দিনরাত কঠোর ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা বলেন।

শেখ হাসিনা সরকার ব্যবসাবান্ধব সরকার উল্লেখ করে বণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে সৎ, পরিশ্রমী ব্যবসায়ীদের সহযোগীতা দিয়ে থাকেন। তিনি আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদিত পণ্যে বিদেশীদের আকৃষ্ট করা জন্য দিনরাত কঠোর ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে দেশেও বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। তবে, সরকার আসন্ন রমজানে ভর্তুকির মাধ্যমে এক কোটি মানুষকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করবে। সরকার নির্ধারিত দামের বেশিতে কেউ পণ্য বিক্রি করলে প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া আছে বলেও বাণিজ্য মন্ত্রী উল্লেখ করেন।

সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে এসএমই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য’র সভাপতিত্বে  মেলার উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেন, জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এবারের মেলায় জেলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ী, গামছাসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টল, মনিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারসীর মোট ১২৫টি স্টল স্থাপন করা হয়েছে।