শিল্পখাতের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কার্যকর সংযোগ জোরদার এবং দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরো শ্রমবাজারমুখী করতে দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম সহায়তা দিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। এ উদ্যোগ শিল্প-সংযোগ জোরদার এবং শিল্প দক্ষতা পরিষদগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) এনএসডিএর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের সহায়তায় সরঞ্জামগুলো আইএসসির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, শিল্প দক্ষতা পরিষদগুলোকে শিল্পখাতের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, আইএসসিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পখাতের বাস্তব চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এনএসডিএ শিল্প–সংযোগভিত্তিক একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, শিল্প দক্ষতা পরিষদগুলোকে প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান তাদের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করবে। এর ফলে সেক্টরভিত্তিক দক্ষতা মানদণ্ড প্রণয়ন, কারিকুলাম উন্নয়ন এবং শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ বাস্তবায়ন আরো শক্তিশালী হবে।
আইএসসিগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেয়া সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপিয়ার, ওয়াইফাই রাউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, আইপিএস, ইউপিএস, কনফারেন্স সাউন্ড সিস্টেম, ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলসহ অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অফিস সরঞ্জামাদি।
অনুষ্ঠানে ১৩টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিরা ছাড়াও এনএসডিএর সদস্য, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










