কোপা আমেরিকায় শুরু হয়ে গেছে নকআউটের উত্তাপ। আজ ভোরে মাঠে নামছে টুর্নামেন্টের হট ফেভারিট ও স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ চিলি। আগামীকাল মাঠে নামছে আরেক শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা। রোববার সকাল ৭টায় লিওনেল মেসিরা খেলবেন একুয়েডরের বিপক্ষে।

আজ ভোর ৩টায় পেরু ও প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের উত্তাপ। যদিও শেষ আটের সবচেয়ে বড় ম্যাচটি মাঠে গড়ায় আজ ভোরে, যাতে ব্রাজিল মুখোমুখি হয় ২০১৫ ও ২০১৬ সালের টানা দুই আসরের চ্যাম্পিয়ন চিলির। ব্রাজিল ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর চিলি ‘এ’ গ্রুপে চতুর্থ হয়ে এসেছে শেষ আটে।

এদিকে চিলির সঙ্গে ড্রয়ে টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনা ক্রমেই নিজেদের মেলে ধরছে। শেষ ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার অন্যতম বড় দাবিদার হয়ে উঠেছে আলবিসেলেস্তেরা। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস আর বর্তমান ফর্মের বিচারে শেষ আটে ‘বি’ গ্রুপের চতুর্থ দল একুয়েডর তাদের জন্য বাধা হয়ে ওঠার কথা নয়।

আর্জেন্টিনা মাঠে নামার আগে আরেক কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ ১৫ বারের লাতিন চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি আজ দিবাগত রাত ৩টায়।