শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিসিকের তিনটি চলমান প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) পরিদর্শনে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি এবং উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় শিল্প উপদেষ্টা বলেন, শিল্প খাতের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পুরান ঢাকার কেমিক্যাল গুদামগুলো নির্ধারিত স্থানে স্থানান্তর করা সম্ভব হবে। একই সঙ্গে প্লাস্টিক কারখানা ও আরামবাগসহ বিভিন্ন জায়গার মুদ্রণ শিল্প পরিবেশবান্ধব স্থানে সরানো যাবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কাজের পরিবেশ উন্নত হবে, বিনিয়োগ বাড়বে এবং দেশের জিডিপি বৃদ্ধিতে অবদান রাখবে। পাশাপাশি প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
পরিদর্শনের সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহম্মদ খান, মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।










