রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা থাকা ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছে প্রশাসন। আজ শনিবার (১৩ মে) জেলা শহরের রূপনগর, শিমুলতলীসহ ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাঙ্গামাটিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রভাবে পাহাড় ধসের আশঙ্কা থাকায় পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে আশ্রয় নিতে বলা হচ্ছে।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ঝুঁকিতে থাকাদের নিরাপদে সরে যেতে অনুরোধ করা হয়েছে। রোববার সকালের মধ্যেই তারা নিরাপদ আশ্রয় নেবেন, অন্যথায় আমরা আইন প্রয়োগ করে হলেও তাদের সরিয়ে নেব। কেননা জীবনের চেয়ে মূল্যবান কিছু নেই।

ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন ও কাউন্সিলর রবিমোহন চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ভারী বর্ষণের ফলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড় ও ভূমি ধসের আশঙ্কা রয়েছে।