বাছাইয়ের সময় তুচ্ছ কারণ দেখিয়ে ও আইনের অতি ব্যবহার করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত বা বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
সোমবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রীতি অনুযায়ী ২৬৮টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। বাছাইয়ের সময় তুচ্ছ কারণে এবং আইনের অতি ব্যবহার করে আমাদের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত বা বাতিল করা হয়েছে।
ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিরুদ্ধে ঋণ খেলাপি, মামলা বা এ ধরনের কোনো গুরুতর অভিযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সামান্য কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তারা সহযোগিতামূলক মনোভাব পোষণ করলে প্রার্থীদের আপিলের ঝামেলায় যেতে হতো না বলেও অভিমত তার। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এর মাধ্যমে নির্বাচনের প্রার্থীতাকে হয়রানিজনক করে ফেলা হলো। যা উৎসবমুখর নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্থ করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, নির্বাচনের মনোনয়নপত্রে বেশ জটিল তথ্যের সমাহার ঘটে। যোগ্য ও যথার্থ জনপ্রতিনিধি নির্বাচনের জন্য এসবের দরকার আছে। তবে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান করব, ছোটখাটো তথ্য ছুটে যাওয়া, অসাবধানতাজনিত ভুলকে সহজ ও সহযোগিতামূলক দৃষ্টিতে দেখতে হবে।
তিনি আরো বলেন, ঋণ খেলাপি, ফৌজদারি অপরাধে দণ্ড, দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর বিষয় ছাড়া বাকি বিষয়গুলোতে সংশোধনের সুযোগ দিতে হবে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বিপুলসংখ্যক ভোটারের সাক্ষর সংগ্রহ করতে হয়।
তার মতে, মনোনয়নপত্রে কিছু ভুলত্রুটি থাকলে তা সমাধানের সুযোগ দিতে হবে। কারণ নির্বাচনে যতবেশি প্রার্থী থাকবে নির্বাচন ততবেশি উৎসবমুখর ও অন্তর্ভুক্তিমূলক হবে।










