মালদ্বীপের সঙ্গে শিগগিরই সরাসরি জাহাজ চলাচল শুরুর আশা প্রকাশ করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার (২৭ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মালদ্বীপ বাংলাদেশ থেকে টেক্সটাইল, শাকসবজি ও পাটজাত পণ্য আমদানি করে। অন্যদিকে এক লাখের বেশি বাংলাদেশি অভিবাসী শ্রমিক মালদ্বীপে নির্মাণ, পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে সুনামের সঙ্গে কাজ করছেন। সরাসরি জাহাজ চলাচল শুরু হলে দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্য আরো সম্প্রসারিত হবে।
মালদ্বীপের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু করতে উভয় পক্ষই আগ্রহী। এর মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সংযোগ বাড়বে এবং সমুদ্রপথে ক্রুজ সার্ভিস চালু করা সম্ভব হবে। এটি পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় নৌপরিবহন উপদেষ্টা মালদ্বীপ থেকে ক্যাডেটদের বাংলাদেশী মেরিন একাডেমিতে প্রশিক্ষণের আহ্বান জানান। হাইকমিশনার এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, মালদ্বীপ সরকার বাংলাদেশী একাডেমির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
নৌপরিবহন উপদেষ্টা জানান, ২০২৫ সালে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সি-ক্যাটাগরি নির্বাচনে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের নদীমাতৃক পরিবেশ, সমুদ্রবন্দর ও মেরিটাইম সেক্টরকে আরো এগিয়ে নিতে মালদ্বীপের সহযোগিতা কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বিদোষ চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।










