আর্জেন্টিনার জার্সিতে রেকর্ড ১৪৮তম ম্যাচ খেলতে নেমে কুইয়াবার সবুজে ফুল ফুটিয়েছেন লিওনেল মেসি। তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুটি গোল করেছেন মেসি, করিয়েছেন আরো একটি। এ জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চতুর্থ দল একুয়েডের।
ষষ্ঠ মিনিটে পাপু গোমেজকে দিয়ে আর্জেন্টিনার প্রথম গোল করিয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটা গোমেজের দ্বিতীয় গোল। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন মেসি। ১০ মিনিট পর আবারো মেসির গোল। আগুয়েরোর পাস থেকে গোল করেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ১৪৮ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৫।
৬০ মিনিটে বলিভিয়ার পক্ষে এক গোল করে ব্যবধান কমান সাভেদ্রা। যদিও এর ৫ মিনিট পর লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন। এ নিয়ে ১৭ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা।
গ্রুপ পর্ব শেষ, এবার নকআউটের উত্তাপ। কোয়ার্টার ফাইনালে ২ জুলাই স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ চিলি, প্যারাগুয়ে খেলবে পেরুর বিপক্ষে এবং ৩ জুলাই একুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, কলম্বিয়া মুখোমুখি হবে উরুগুয়ের।










