সড়ক দুর্ঘটনায় সাত জেলায় নয়জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া খুলনায় দুজন, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, দিনাজপুর ও ফেনীতে একজন করে নিহত হয়েছেন। গতকাল ও এর আগের দিন এসব দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

কুড়িগ্রাম: শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব হাসান (২৫) গতকাল সকালে ভূরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসছিলেন। পাটেশ্বরীর ভূরুঙ্গামারীগামী একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।

লক্ষ্মীপুর: রায়পুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে হালিমা বেগম নামে এক পথচারী নিহত হন। গতকাল সকালে মিয়ারহাটে এ দুর্ঘটনা ঘটে। হালিমা বেগম রায়পুর উপজেলার চরকাছিয়ার হৃদয় হাসানের স্ত্রী।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আরেফিন জানান, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে পথচারী হালিমা বেগম নিহত হন।

ময়মনসিংহ: ফুলপুরে ট্রলির ধাক্কায় হাবিবুর রহমান (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় নজরুল ইসলাম (৪০) নামে আরেক যাত্রী গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফুলপুর উপজেলার বাশাটী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান জামালপুর জেলার ইসলামপুরের মালমারা গ্রামের আবুল কাসেমের ছেলে।

সাতক্ষীরা: দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রিপন উদ্দীন নামে এক ব্যক্তি নিহত হন। গতকাল সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের আলীপুর চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। রিপন উদ্দীন যশোর জেলার চৌগাছা থানার পাতিবিলার নূর হোসেনের ছেলে। তিনি এরিস্টো ফার্মার সাতক্ষীরা জোনের এরিয়া ম্যানেজার ছিলেন।

পুলিশ জানায়, রিপন উদ্দীন সকাল ৮টার দিকে সাতক্ষীরা থেকে দেবহাটার দিকে যাচ্ছিলেন। আলীপুর চেকপোস্টে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা নিয়ে যাওয়ার পথে মারা যান।

দিনাজপুর: বিরামপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানের তুষবাহী ট্রাক উল্টে রুবেল হোসেন (৪৪) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের সহকারীসহ তিনজন আহত হন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়ার লতি মণ্ডলের ছেলে।

চালকের সহকারী শফিকুল ইসলাম জানান, রাতে ট্রাকবোঝাই ধানের তুষ নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিলেন তারা। রাস্তায় ঘন কুয়াশা থাকায় একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় চালক পাশের একটি দেয়ালে ট্রাকসহ চাপা পড়েন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

খুলনা: জেলার রূপসায় ট্রলির ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। গতকাল দুপুরে উপজেলার নৈহাটী বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম নৈহাটী বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেলে রূপসার কাজদিয়ার দিকে যাচ্ছিলেন। নৈহাটী বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সাইফুলের মৃত্যু হয়।

এর আগে শনিবার রাত ১১টার দিকে খুলনা নগরের নতুন বাজার লঞ্চঘাটে দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নাহিদ (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নাহিদ নতুন বাজার চর এলাকার বাসিন্দা।

ফেনী: গাড়ির ধাক্কায় নিশান (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে শহরের দাউদপুল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশান সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।