ঢাকা বিশ্বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিবৃতি থেকে বিষয়টি জানা যায়। নতুন চেয়ারম্যান আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটস এর ৪৩ (১) ধারা অনুযায়ী উপাচার্য আপনাকে ১৬ অক্টোবর থেকে ৩ (তিন) বছরের জন্য প্রচলিত শর্তে আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম সিডনির ম্যাককুরি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে আন্তর্জাতিক মেধাস্বত্ব আইনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের ইউইএল থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইনে এলএলএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান (চার বছর) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি হেগ একাডেমী অব ইন্টারন্যাশনাল ল, হেগ, নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক আইনের ওপর জাতিসংঘ ইউনিটার ফেলোশিপে অংশগ্রহণ করেন এবং জেনেভা, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত মেধাস্বত্ব আইনের শিক্ষকদের জন্য আয়োজিত ডব্লিউআইপিও-ডব্লিউটিও সেমিনারে অংশ নেন।










