ফরিদপুরের সদর উপজেলার মল্লিকপুর এলাকার রাস্তার পাশ থেকে জেয়াসমিন আক্তার (৩৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি পাশের মধুখালী উপজেলার কারণ্যপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ফরিদপুর শহরে তার আলিপুরের ভাড়ার বাসায় আসে কুরিয়ার সার্ভিসে স্বামীর পাঠানো আম নিতে। আম সন্ধ্যার দিকে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে সে বাড়ির দিকে অটো যোগে রওনা দেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পায় পরিবারের লোকজন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকে তাকে।
পরে স্থানীয়রা শনিবার সকালে মল্লিকপুর এলাকার রাস্তার পাশের আখ খেতের পাশে জেয়াসমিন এর মৃতদেহ দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দিলে তারা এসে শনাক্ত করেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা জেয়াসমিনকে রাতের কোন সময়ে মেরে রেখে চলে যায়। তবে কী কারণে তাকে মারা হয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়েছে।










