রাঙ্গামাটিতে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় রণজিৎ পাটোয়ারী (৫৫) নামে এক সংগীত শিক্ষককে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এ রায় দেন। সাজাপ্রাপ্ত রণজিৎ পাটোয়ারী (৫৫) জেলা শহরের আসামবস্তি বিহার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের মঠবাড়িয়ার মৃত জীবন কৃষ্ণ পাটোয়ারীর ছেলে। পেশায় গানের শিক্ষক রণজিৎ পাটোয়ারী গান শেখানোর পাশাপাশি শিক্ষার্থী পড়াতেন।
মামলার নথি সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর ধরে ভুক্তভোগী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন রণজিৎ। পরবর্তী সময়ে ভিকটিমের পরিবার ২০২১ সালের ১২ জুন কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।










