অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হলে তাতে অংশ নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দেশের ৩২১ জন সৃজনশীল প্রকাশক। ঈদুল ফিতরের পর মেলা আয়োজন করতে সরকারের নীতিনির্ধারক ও বাংলা একাডেমির প্রতি দাবি জানিয়েছেন তারা। এক যৌথ বিবৃতি দিয়ে গতকাল এ প্রকাশকরা নিজেদের অবস্থানের কথা তুলে ধরেছেন।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও রমজান মাসের কারণে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজিত হলে ব্যবসায়িক ঝুঁকি ও মানবিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে মেলায় অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজিত হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং মেলা সফল করতে কর্তৃপক্ষের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

প্রকাশকরা বিবৃতিতে জানান, সর্বস্তরের সৃজনশীল প্রকাশকদের যৌক্তিক দাবি ও বর্তমান বাস্তবতাকে উপেক্ষা করে বাংলা একাডেমি ২০ ফেব্রুয়ারি ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরুর ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তকে তারা ‘বাস্তবতাবিবর্জিত’, ‘আত্মঘাতী’ এবং প্রকাশনা শিল্পকে প্রবল অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়ার শামিল বলে উল্লেখ করেছেন।

প্রকাশনা শিল্প দেড় বছর ধরে চরম মন্দার ভেতর দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রকাশকরা জানান, এ পরিস্থিতিতে আরো একটি অসফল মেলায় অংশ নিয়ে অবশিষ্ট পুঁজি হারানো তাদের পক্ষে সম্ভব নয়। বাংলা একাডেমি এপ্রিলে মেলা না করার জন্য ঝড়বৃষ্টির আশঙ্কার কথা বলেছে। কিন্তু ঈদের পর মেলা হলে যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়, সেই ঝুঁকি প্রকাশকরা নিতে প্রস্তুত। কিন্তু জেনেশুনে রোজার মধ্যে মেলা করে নিশ্চিত ব্যবসায়িক মৃত্যুর ঝুঁকি তারা নেবেন না।

বিবৃতিদাতা প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউপিএল, অনন্যা, অন্যপ্রকাশ, অনুপম প্রকাশনী, মাওলা ব্রাদার্স, অ্যাডর্ন পাবলিকেশন, প্রথমা প্রকাশন, কথাপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, কাকলী প্রকাশনী, স্টুডেন্ট ওয়েজ, আফসার ব্রাদার্স, সময় প্রকাশন, পাঠক সমাবেশ, আদর্শ, আগামী প্রকাশনী, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, পুঁথিনিলয়, বাংলা প্রকাশন, গতিধারা, বাতিঘর, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, নওরোজ কিতাবিস্তান, দিব্য প্রকাশ, শোভা প্রকাশ, অঙ্কুর প্রকাশনী, ভাষাচিত্র, স্বপ্ন ’৭১ প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, সংবেদ, বিভাস, নবযুগ প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, মল্লিক ব্রাদার্স, র‍্যামন পাবলিশার্স, সন্দেশ, সাহিত্য কুটির, ময়ূরপঙ্খী, জনান্তিক, ম্যাগনামওপাস, চন্দ্রাবতী একাডেমি, মিজান পাবলিশার্স, সূচয়নী পাবলিশার্স, এশিয়া পাবলিকেশন।