দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পরবর্তী কার্যক্রম বিষয়ক জাতীয় টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধারে এবং জরুরি চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল সহায়তা দিতে সংশ্লিষ্টদের জোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার অফিস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, দেশের এই সংকটকালে সকলকে ঐক্যবদ্ধ থেকে বানভাসী মানুষের দুর্দশা ও কষ্ট লাঘবে বিভিন্ন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় উদ্ধার ও তাৎক্ষণিক ত্রাণকার্য পরিচালনার ব্যয়ভার মেটানোর জন্য তিনি ২০ কোটি টাকার বরাদ্দ দেয়ার কথা উল্লেখ করেন। বরাদ্দকৃত টাকা ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার ও ত্রানকার্যে সুষ্ঠু ও যথাযথভাবে ব্যবহার করার নির্দেশ দেন ড. ইউনূস। এছাড়া তিনি শিশুখাদ্য, পানি শোধক ট্যাবলেট, খাবার স্যালাইনসহ জরুরি দ্রব্যাদি ক্রয়ের পরামর্শ দেন।

বন্যা উপদ্রুত এলাকায় সম্প্রতি বিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার অফিস থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, এরই মধ্যে ২১টি টাওয়ার চালু করা হয়েছে।

পানি কমতে শুরু করায় বন্যাজনিত ক্ষয়ক্ষতিগুলো আরো পরিষ্কার হতে শুরু করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কষ্ট কমাতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা।