অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত ১৫ বছরে ডিজিটাল করতে অনেক টাকা ব্যয় করা হলেও তা ফলপ্রসু হয়নি। আমাদেরকে ডিজিটালের গল্প শোনানো হয়েছে শুধু। যাত্রাবাড়ী থানা পোড়া গেল, কোনো ব্যাকআপ ডকুমেন্ট রইল না। আমরা কার্যকর ডিজিটাল দেশ গড়তে অর্থায়ন করব।
তিনি বলেন, মার্চ থেকে আমদানি-রফতানির সব কাজ কাগজবিহীন হবে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর (বিএসডব্লিউ) সফট লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
পরিবেশ উপদেষ্টা বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের মাধ্যমে আমাদের উপলব্ধি হয়েছে ডিজিটালের গুরুত্ব। সব নথিপত্র পুড়ে গেল, কোনো ব্যাকআপ থাকল না। অথচ বলা হয়েছিল দেশ ডিজিটাল হয়ে গেছে। স্মার্ট হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, দপ্তর ও সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএসডব্লিউ প্লাটফর্মের ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। এ নতুন ব্যবস্থা বাণিজ্য প্রক্রিয়া সহজতর করা, খরচ হ্রাস করা এবং স্বচ্ছতা বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মত দেন।










