লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা সেনা সদস্যসহ ৬ ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধারকৃত মরদেহ বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি ও পুলিশ। শনিবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তার চর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন রংপুরের গঙাচড়া থেকে অজ্ঞাত এক পুরুষ, লালমনিরহাট থেকে বছর বয়সী অজ্ঞাত দুজন পুরুষ, নীলফামারী থেকে অজ্ঞাত এক পুরুষ এবং গতকাল শুক্রবার (৬ অক্টোবর) লালমনিরহাটের সিন্দুর্ণা ইউনিয়নের সিন্দুর্ণা এলাকার তিস্তা নদীর চর থেকে (৩৫) বছর বয়সী অজ্ঞাত একজন পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজন ভারতীয় সেনা সদস্য বলে জানিয়েছেন বিজিবি ও পুলিশ কর্মকর্তারা।

মরদেহগুলো শুক্রবার (৬ অক্টোবর) এবং শনিবার (৭ অক্টোবর) বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি ও পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গাইবান্ধা ও রংপুরে উদ্ধার হওয়া দুটি মরদেহ ভারতীয় নাগরিকের। পরে মরদেহ গুলো বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।