শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাতের সময় ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয় এ সাক্ষাৎ অনুষ্ঠানে।
বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।’ উপদেষ্টা এ সময় গত সরকারের আমলে কিছু লাইসেন্সকৃত অস্ত্রের অবৈধ ও অপব্যবহারের কথা উল্লেখ করেন এবং সে বিষয়েও পদক্ষেপ গ্রহণের কথা জানান।
রাষ্ট্রদূত পুলিশ সংস্কারে বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘পুলিশদের বিশ্রামের সময় কম থাকার কারণে অনেক চাপের মুখে তাদের দায়িত্ব পালন করতে হয়। বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে। যদিও নানা শ্রেণী-পেশার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে।’
রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘আমরা পুলিশ সংস্কারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা পুলিশ বাহিনী ছাড়াও পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সংস্কারের উদ্যোগ নিচ্ছি।’
সাক্ষাৎকালে ফরাসি দূতাবাসের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’
উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।










