নিউজিল্যান্ডের চিরাচরিত পেসবান্ধব উইকেটে প্রথম ওয়ানডেতে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। গতকাল ডানেডিন ইউনিভার্সিটি ওভালে কিউইদের পেস ব্রিগেডের সামনে ধরাশায়ী হলো তামিম ইকবালের বাহিনী। আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল ১৩১ রানে গুটিয়ে যায়। চেজ করতে নেমে ১৭২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টম ল্যাথাদের নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে নিজেদের বাটিং নিয়ে হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ দলনায়ক তামিম।

বড় পরাজয় শেষে তামিম বলেন, আমরা অনেক আলগা শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছি। কোনো সন্দেহ নেই যে তারা অনেক ভালো বল করেছে, কিন্তু আমাদের নিজেদেরই দোষ। আমরা নিজেদের ব্যাটিং নিয়ে গর্ব করি, কিন্তু আজ তার ধারে-কাছেও ছিলাম না। এখানে বেশ কিছুদিন আগে এসেছি, তাই প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ আমি দিতে পারি না। এটা নতুন কিছু নয় যে আমাদের ওপর দলের কী প্রত্যাশা। আশা করি, ভুলগুলো শোধরাতে পারব এবং পরের ম্যাচে ভালো পারফর্ম করব আমরা।

আগে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসনদের ভয়ঙ্কর গতি বলের সামনে ৪১ দশমিক ৫ ওভারের মধ্যে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সবচেয়ে বেশি ত্রাস ছড়িয়েছেন বোল্ট। তিনি ২৭ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের জয়ের নায়ক। এছাড়া নিশাম ২৭ রানে দুটি ও হেনরি ২৬ রানে একটি উইকেট নেন। অর্থোডক্স স্পিনার মিচেল স্যান্টনার ২৩ রানে দুটি উইকেট নেন।

বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মাহমুদউল্লাহ। তাও স্ট্রাইক রেট মাত্র ৫০! অর্থাৎ এ রান করতে তিনি খেলেছেন ৫৪টি বল। এছাড়া মুশফিকুর রহিম ৪৯ বলে ২৩, লিটন দাস ৩৬ বলে ১৯ রান করেন।

ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২১ দশমিক ২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৫৩ বলে ৪৯ রানের হার না মানা ইনিংস খেলে নিউজিল্যান্ডকে নির্বিঘ্নে জয় এনে দেন। তার সঙ্গে ১১ রানে অপরাজিত থাকেন উইল ইয়াং। আউট হয়েছেন শুধু মার্টিন গাপটিল (৩৮) ও ডেভন কনওয়ে (২৭) রান করেন।

এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ। এরপর ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হবে দুটি দল।