ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার পর্ব প্রায় শেষের পথে। গতকাল পর্যন্ত ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকযোগে প্রবাস ও দেশের অভ্যন্তরীণ মিলিয়ে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি পূর্ণাঙ্গ ব্যালট রিটার্নিং অফিসারদের দপ্তরে পৌঁছেছে।
ইসির তথ্য অনুযায়ী, প্রবাস থেকে এরই মধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং অফিসাররা বুঝে নিয়েছেন।
এখন পর্যন্ত দেশে-প্রবাসে মোট ১১ লাখ ৫৭ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এছাড়া, দেশে অবস্থানরত ভোটারদের ডাকবাক্সে জমা হওয়া ভোটের সংখ্যা ৬ লাখ ১৩ হাজার ৫১০, যার মধ্যে রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছেছে ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি।
৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন। ভোটদানের প্রক্রিয়া শেষে ৫ লাখ ৩১ হাজার ২১৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন এবং ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।
এছাড়া, দেশের ভেতরে যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য চালু হওয়া ‘ইনল্যান্ড কন্টিনজেন্ট পোস্টাল ভোট’ কার্যক্রমেও গতি লক্ষ করা গেছে। সেখানে ভোটদান সম্পন্ন করেছেন ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন।
ইসির তথ্যমতে, ভোটগ্রহণের শেষ সময় বিকাল সাড়ে ৪টার মধ্যেও যদি পোস্টাল ব্যালটগুলো সংশ্লিষ্ট রিটার্নিং অফিসে পৌঁছে, তাহলে সেটি গণনাভুক্ত হবে।









