অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশী কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন।

ওই দুই বাংলাদেশী হলেন— চট্টগ্রামের রাউজান উপজেলার সুব্রত ভট্টাচার্য (২১) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা জান্নাত আক্তার (১৯)। ভারতের ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে তারা দেশে ফেরেন।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব মিয়া, ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম ও বিজিবির আইসিপি পোস্ট কমান্ডার মো. রুহুল আমিনের কাছে তাদের হস্তান্তর করেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা মো.ওমর শরীফ।

সুব্রত ভট্টাচার্য্যের মা সাংবাদিকদের বলেন, আমি পোশাক কারখানায় কাজ করি। আমাদের আর্থিক অবস্থা খারাপ। বিধায় ছেলেকে একটা আশ্রমে পড়াশোনা করতে দেই। একদিন রাতে ফোনে বলা হয় আমার ছেলে ভারতে। ফোন পেয়ে আমি দিশাহারা হয়ে যাই। সে ওখানে থাকার সময় প্রায় ১০ মাস আমি পাগল প্রায় ছিলাম। আমার স্বামীও অসুস্থ। কোথায় যাব, কী করব বুঝে উঠতে পারছিলাম না। এত দিন পর ছেলেকে পেয়ে আমি আনন্দিত।

দেশে ফেরা সুব্রত ভট্টাচার্য জানান, তিনি ১০ মাস আগে রামগড় সীমান্তপথে পুরোহিত বিদ্যার্জনের জন্য ভারত যান। সেখানে তিনি বিএসএফের হাতে আটক হন।

জান্নাত আক্তার জানান, পরিচ্ছন্নতা কাজের জন্য দালালের মাধ্যমে তিনি ভারতে যান। সিলেটের খোয়াই সীমান্তপথে তিনি গিয়েছিলেন। দেশে ফিরতে পেরে তিনি খুশি।