আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সমানে রেখে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে দেশের ৩০০ আসনে ৩০০ 'নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি' গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১৪ ডিসেম্বর) আইন বিষয়ক-১ নং অনুবিভাগের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরপিও ৯১(ক) এবং ৯১(ক)(ক)-তে প্রদত্ত ক্ষমতানুসারে নির্বাচন কমিশন (ইসি) 'নির্বাচন-পূর্ব অনিয়ম' অনুসন্ধান করার পাশাপাশি সংগঠিত অপরাধের সংক্ষিপ্ত বিচারের নিমিত্তে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। এ কমিটি গঠনের জন্য সুপ্রিম কোর্টের পাশাপাশি আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুপারিশও গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত এ কমিটির কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনকালে নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে এবং নিজ দপ্তর থেকে অবমুক্ত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সংশ্লিষ্ট আসনে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের সময় পর্যন্ত তাদের এ দায়িত্ব বলবৎ থাকবে।

এ প্রজ্ঞাপনে দায়িত্ব পালনকালে নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে কমিটিকে তিন দিনের মধ্যে অনুসন্ধানী রিপোর্ট তৈরি করে জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠানোর কথা বলা হয়েছে।

এছাড়াও নির্বাচনের আগে কিংবা নির্বাচন চলাকালীন সময়ে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী যদি আচরণবিধিমালা এবং আরপিওয়ের সুস্পষ্ট লঙ্ঘন করে তাহলে এ কমিটি আরপিও আদেশের ৯১(ক)(ক) অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে ওই অপরাধের বিচার করতে পারবে। উল্লেখ্য, এ কমিটির সুরক্ষার্থে পুলিশ বাহিনীর দুজন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ দেবার কথাও সেখানে বলা হয়েছে।