বান্দরবানের তারাছা রেঞ্জের হাংসামা বনে বিপন্ন একটি উড়ুক্কু কাঠবিড়ালি অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার রাত ৮টায় বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাছানের নির্দেশে কাঠবিড়ালিটি অবমুক্ত করা হয়। এর আগে দুপুরে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বরইতলী পাড়ায় স্থানীয়দের হাতে ধরা পড়া বিপন্ন প্রজাতির এ কাঠবিড়ালিটি উদ্ধার করা হয়।

কাঠবিড়ালি অবমুক্ত করার সময় পাল্পউড বিভাগের তারাছা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. বশির আহমদ খান, সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল হাছান, ফরেস্টার মো. আলাউদ্দিন, ফরেস্টার মো. ছৈয়দ জাকারিয়া ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা মো. বশির আহমদ খান বলেন, বিরল ও বিপন্ন প্রাণীটিকে স্থানীয়ভাবে উড়ুক্কু কাঠবিড়ালি বলা হয়। মূলত এটি লাল উড়ন্ত কাঠবিড়ালি। এর বৈজ্ঞানিক নাম Petaurista petaurista।

বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাছান বণিক বার্তাকে বলেন, ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বৃহস্পতিবার দুপুরে লোকালয়ে বিপন্ন কাঠবিড়ালি ধরা পড়ার বিষয় অবগত করেন। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দল পাঠিয়ে ওই লোকালয় থেকে বিপন্ন নিশাচর উড়ুক্কু কাঠবিড়ালিটি উদ্ধার করে রাতে হাংসামা বনে অবমুক্ত করা হয়।