দেশের কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতির নানা বিষয় নিয়ে শুরু হয়েছে 'কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫'। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে বণিক বার্তা আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয়।
দিনব্যাপী এ সম্মেলন তিনটি পৃথক অধিবেশনে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।
প্রথম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে 'খাদ্যনিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা' বিষয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এ সেশনে সম্মানিত অতিথি হিসেবে আছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। প্যানেল আলোচক হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম, টি. কে. গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মাদ মুস্তাফা হায়দার, এসিআই এগ্রিবিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. এফএইচ আনসারী এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান।
এছাড়া সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি’ বিষয়ে। এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। এছাড়া এতে প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সহসভাপতি খুশি কবীর, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফাজ্জল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
সম্মেলনের তৃতীয় ও শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে ‘খাদ্যের বাজার, সরবরাহ ও দেশজ সক্ষমতা’ বিষয়ে। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এছাড়া তৃতীয় অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেবেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কোয়ালিটি ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহতেশাম বি শাহজাহান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম।
এছাড়াও তিনটি অধিবেশনে খাত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, কৃষিবিদ, হাওর অঞ্চলের নারী কৃষক, মুন্সিগঞ্জের আলু ব্যবসায়ী ও নেত্রকোনার ধান ব্যবসায়ীসহ দেশের কৃষি প্রধান জেলার চাষীরা আলোচক এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।









