উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় ছয় ইঞ্চি খুলে দেয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট। গতকাল সকাল ১০টা থেকে স্লুইসগেটগুলো সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে নির্গমন হচ্ছে কর্ণফুলী নদীতে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানিয়েছেন, গতকাল সকাল ১০টা থেকে কাপ্তাই হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে প্রতি সেকেন্ডে ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। পানি ও বৃষ্টি বাড়তে থাকলে গেট খোলার পরিমাণ বাড়ানো হবে।

বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানিয়েছে, বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে ১০৭ দশমিক ৫৪ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে সর্বোচ্চ পানি ধারণ সক্ষমতা ১০৯ এমএসএল। যদিও হ্রদ হওয়ার পর কাপ্তাই হ্রদে ড্রেজিং না হওয়ায় তলদেশে পলি ভরাটের ফলে পানি সক্ষমতা কমেছে। ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও চলতি বছর সর্বোচ্চ ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ কেন্দ্রটি। বর্তমানে পাঁচটি ইউনিটে গড়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২০০-২০৪ মেগাওয়াট।