কয়লা সংকটে বন্ধ থাকার ১৬ দিন পর ফের  উৎপাদনে গেল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। সোমবার (১৪ আগস্ট) বিকেল থেকে উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাক (ডিজিএম) মো. আনোয়ার উল আজিম বলেন, সোমবার বিকেল ৩টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। বিকেল থেকে উৎপাদিত ৪০০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। ১৩ আগস্ট ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস। সকাল থেকে কয়লা খালাস, পরিবহন ও সংরক্ষণের কাজ চলছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, চলতি মাসেই ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আরো দুইটি জাহাজ মোংলা বন্দরে আসার কথা।

গত বছরের ১৭ ডিসেম্বর চালু হওয়ার পর সাড়ে সাত মাসে ৬ বার বন্ধ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।