চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের ব্যাংক ঋণ পরিশোধে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আজ বৃহস্পতিবার সকালে বাহিনীর সদর দফতরে নিহতের স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার একটি চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ অর্থ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মোহাম্মদ আলাউদ্দিনের বকেয়া ঋণ পরিশোধে ব্যবহার করা হবে।

গত ৫ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন মোহাম্মদ আলাউদ্দিন। দুর্ঘটনার পর তার দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা সহায়তা দিয়েছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

চেক হস্তান্তরের সময় নিহতের বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন। এ সময় মহাপরিচালক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিধি অনুযায়ী প্রাপ্য সব সুবিধা দ্রুত নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।