তিনি বলেন, ‘আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সে অধ্যাদেশগুলোর মধ্যে প্রায় সব সংস্কারই গ্রহণ করেছি। এর বাইরে বাকি যেগুলো আছে, সেগুলো সংশোধনের জন্য আমরা বিশেষ কমিটি গঠন করেছি। জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নিয়ে, যে সংশোধনগুলো করার দরকার, আমরাই করব।’
গতকাল ঝিনাইদহ শহরের পুরনো ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি যদি দেশে ফিরতে চান, তাহলে এবারে সরকার আইনগত যা যা করণীয়, তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন, উনি নিজেই আসবেন। নিজে এলে তো ভালো। তিনি দেশে আসলে আসবেন, আদালতের মুখোমুখি হবেন। এখানে আইনের বাইরে সরকার কিছু করবে না।’
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সরকার আইন, আদালত, পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যদি নিয়ন্ত্রণ করত, তাহলে মামলাই হতো না। কিন্তু ওই ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
জেলা প্রশাসন আয়োজিত এ বৃক্ষরোপণ ও মাসব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান প্রমুখ।









