বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রাথমিকভাবে যবিপ্রবির জিনোম সেন্টারে এসে বিদেশ গমনেচ্ছু যাত্রীরা নির্ধারিত ফি পরিশোধ করে নমুনা দিয়ে পরীক্ষা করাতে পারবেন। বিদেশগামীদের সুবিধার্থে নমুনা সংগ্রহের কেন্দ্র পরবর্তী সময়ে যশোর শহর বা অন্যত্র স্থানান্তর করা হবে।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জানান, সিঙ্গাপুরগামী পাঁচজন যাত্রীর নমুনা পরীক্ষা করার মধ্য দিয়ে যবিপ্রবির জিনোম সেন্টার বিদেশগামীদের নমুনা পরীক্ষা শুরু করেছে। এজন্য প্রতি বিদেশ গমনেচ্ছু যাত্রীকে সরকার নির্ধারিত ফি ২ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। নমুনা প্রদানের সময় বিদেশ গমনেচ্ছুদের অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা প্রদানের মাত্র ১২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল প্রদান করা হবে।

যবিপ্রবির জিনোম সেন্টারে বিদেশ গমনেচ্ছুদের করোনার নমুনা পরীক্ষার বিষয়ে যশোর-২ ও ৩ আসনের সংসদ সদস্য, নাগরিক অধিকার আন্দোলনের নেতারা এবং সিভিল সার্জন স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানান। এ পরিপ্রেক্ষিতে গত ৩১ মার্চ স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগমের স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টির অনুমোদন দেয়া হয়।