বাংলাদেশের তৈরি পোশাক খাতের স্বচ্ছতা ও দায়িত্বশীল প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো টেকসই উন্নয়ন বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে বিজিএমইএ। সোমবার (১২ জানুয়ারি) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মোহাম্মদ রেজোয়ান সেলিম, সহসভাপতি অর্থ মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক মোহাম্মদ সোহেল এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন সাসটেইনেবল এনার্জির চেয়ারম্যান সাইফুর রহমান শাপু।
প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বিশ্বব্যাপী স্বীকৃত গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ কাঠামো অনুসরণ করে। ২০২০ সালে প্রকাশিত প্রথম সাসটেইনেবিলিটি প্রতিবেদনের ধারাবাহিকতায় এটি দ্বিতীয় সংস্করণ হিসেবে প্রকাশ পেয়েছে। এতে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান অবস্থান, রূপান্তর এবং টেকসই উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হয়েছে।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবেদনটি উন্মোচন করেন। তিনি বলেন, প্রথম প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছতার যে যাত্রা শুরু হয়েছিল, দ্বিতীয় প্রতিবেদনটি সেই প্রতিশ্রুতিকে আরো শক্তিশালী করেছে। বাংলাদেশের পোশাক শিল্প কেবল সেলাইয়ের মধ্যে সীমাবদ্ধ। বরং এটি বিশাল সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের কারিগর। ভবিষ্যতে একটি শক্তিশালী ও দায়িত্বশীল শিল্প গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান বলেন, এ উদ্যোগের মাধ্যমে দেশীয় পোশাক শিল্পের অর্জনগুলো বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হবে। এ সময় তিনি সদস্য কারখানাগুলোকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান। বিশ্বজুড়ে স্বীকৃত একটি আন্তর্জাতিক কাঠামোর ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বিজিএমইএর দীর্ঘমেয়াদী লক্ষ্য ও টেকসই ব্যবসায়িক চর্চার প্রতিফলন ঘটেছে।
প্রসঙ্গত, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এই প্রকাশনাটি সফল করতে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। এছাড়া কারিগরি সহায়তা দিয়েছে সাসনেক্স লিমিটেড। বিজিএমইএর দায়িত্বশীল ব্যবসায়িক কেন্দ্র থেকে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।










