চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মোয়াজ্জেম ফকির সড়কে খন্তাকাটা খালের ওপর ২৮ বছর আগে নির্মিত সেতুটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এ সেতু দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়। কিন্তু সংস্কারের অভাবে সেতুর পাটাতনের নিচে পলেস্তারা খসে পড়ে বের হয়ে পড়েছে রড। এছাড়া বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকিপূর্ণ জেনেও এ সেতু দিয়ে চলাচল করছে শিক্ষার্থী, পথচারীসহ যানবাহন। দ্রুত সেতুটির সংস্কার বা পুনর্নির্মাণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২৮ বছর আগে মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর ও তিনঘরিয়াটোলা এলাকার মোয়াজ্জেম ফকির সড়কে খন্তাকাটা খালের ওপর নির্মাণ করা হয় এ সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির দৈর্ঘ্য প্রায় ১৫ মিটার। সেতুটি দিয়ে প্রতিদিন আশপাশের ১০টি গ্রামের মানুষ চলাচল করে, কিন্তু বর্তমানে সেতুটির পাটাতন ও রেলিংয়ের পলেস্তারা খসে পড়ে লোহার রড বের হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। সেতুটির কোনো রেলিংয়ের চিহ্ন বর্তমানে নেই।
স্থানীয় শিক্ষার্থী আনোয়ার হোসেন ও সাবিনা আক্তার জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা সেতু পার হন। এ সেতু দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং কয়েকটি এলাকার বাসিন্দাসহ ভারী যানবাহন চলাচল করে, কিন্তু সেতুটি ঝুঁকিপূর্ণ জেনেও প্রয়োজনের তাগিদে তারা সেতুটি পারাপার হতে বাধ্য হচ্ছেন। তাই সেতুটি দ্রুত সংস্কার প্রয়োজন।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় পাঁয় বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও জনপ্রতিনিধিরা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেননি।জানতে চাইলে স্থানীয় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, ‘খন্তাকাটা খালের ওপর নির্মিত পুরনো ঝুঁকিপূর্ণ সেতুটির সংস্কার বা পুনর্নির্মাণের জন্য চার বছর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বরাবর প্রস্তাবনা দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।’
এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর জানান, মঘাদিয়ার ঝুঁকিপূর্ণ সেতুটি নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আগামী অর্থবছরে সংস্কার বা পুনর্নির্মাণ করা হবে।










