রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। অচিরেই এসব কার্যক্রমের ইতিবাচক পরিবর্তন দৃশমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার্থে বিদেশগামী ঢল থামানো যাবে, এতে করে সাশ্রয় হবে দেশের টাকা। তাই এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না।

আজ রোববার বিকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ছয় তলা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চিকিৎসাসেবা দেয়াকে শুধু চাকরি হিসেবে না দেখে বরং মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।