তরুণ ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের জন্য আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আগামীকাল শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর গুলশান-১ এর আলোকি মিলনায়তনে বিশেষ এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচির মূল লক্ষ্য তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অংশগ্রহণমূলক গণতন্ত্রে তাদের ভূমিকা তুলে ধরা এবং প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া নাগরিকদের উৎসাহিত করা।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ইয়ুথ ভোটার ক্যাম্পেইন চালানো হবে। এতে তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তার আগে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।