রাঙ্গামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদে নৌ-দুর্ঘটনায় জাইতু বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ দুজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে মধুমা ছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জাইতু বেগম উপজেলার মাইনিমুখ ইউনিয়নের কালু মাঝির টিলা এলাকার মো. শাহাব উদ্দিনের স্ত্রী। আহত দুজন হলেন মো. সালমান (৮) ও কবির হোসেন (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে লংগদুর মাইনিমুখ বাজার থেকে রাঙ্গামাটির উদ্দেশে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট যাত্রা করে। পথিমধ্যে উপজেলার মধুমাছড়া এলাকায় টার্নিংয়ে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেম্পুবোটের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনায় পানিতে ডুবে ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন জাইতু বেগম। পরে স্থানীয়রা হ্রদে জাল ফেলে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাইতু বেগমকে মৃত ঘোষণা করেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তবুও আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছিলাম। আর আহত দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনই মাথায় আঘাত পেয়েছেন।