দেশে একদিনে হাম উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৬টি শিশু।
গতকাল বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম আক্রান্তের সংখ্যা ৬৩, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪। এ সময়ে ৯৫৩ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৯ শিশু।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৪ জনে। আর পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যুর সংখ্যা ৯৯। অর্থাৎ দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর মোট সংখ্যা ৯৮৩।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ১৮৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৪৪৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।










