ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, আগামী ২১-২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন ২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের ডাভোসে সফর করবেন। সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত এবং এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর অংশগ্রহণ করবেন। সম্মেলনের প্রতিপাদ্য ‘শেপিং দ্য ইন্টেলিজেন্ট এজ’ এর আলোকে আয়োজিত বিভিন্ন সেশনে তিনি অংশগ্রহণ করবেন।
এছাড়াও তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে বলে ব্রিফিংয়ে বলা হয়।










