বগুড়ায় শিবগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে খুন হয়েছেন বিএনপিপন্থী ট্রাক শ্রমিক নেতা শহিদুল ইসলাম (৫০)।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক বাসস্ট্যান্ড এলাকার আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার কিচক ইউনিয়নের বেলাই কেকাড়পাড়া গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে। তিনি বিএনপির কিচক বন্দর কমিটির সাবেক সভাপতি ও আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কিচক শাখার সাধারণ সম্পাদক।

নিহত শহিদুল ইসলামের চাচাতো ভাই বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহিদুল অফিসে বসে থাকা অবস্থায় একদল যুবক তার পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। এই ঘটনার পর কিচক বন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

নিহত শহিদুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম বলেন, আমার স্বামীকে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তিনি অস্বীকৃতি জানান। এরপর এ খুনের ঘটনা ঘটল।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, সংগঠনে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করেছে। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।