বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলায় দলীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শোভাযাত্রা ও সামাজিক কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশের জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন ইউনিট নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন। তারা সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির নেতারা। মোনাজাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তাবেষ্টনী সরিয়ে নেয়ার পর সমাধিস্থলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। মিছিল নিয়ে তারা জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণে জড়ো হন। এ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘৪৮ বছর আগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কয়েকটি প্রত্যয় সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়ন, উৎপাদন ও আত্মনির্ভরশীলতার লক্ষ্যে তিনি বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমরা তার নীতি, আদর্শ ও দর্শনের পতাকা ধারণ করে এগিয়ে যাচ্ছি।’

এছাড়া গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের কর্মসূচিও পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। দলের জ্যেষ্ঠ নেতারা এতে অংশ নেবেন।

গতকাল চট্টগ্রাম নগরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করেছে মহানগর বিএনপি। এদিন বিকালে নগরের পুরাতন রেলস্টেশনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতির নামে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে এবং সরকারি কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ তিনি বলেন, ‘দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা থেকে উত্তরণের চেষ্টা করেছে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে বলেই দলটি বারবার সংকট মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে।’

তবে জেলার সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল বেলা ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের সঙ্গে দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয় বলে জানা গেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও তিনটি মিনিবাস ভাংচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বেলা ২টার দিকে সালাউদ্দিনের পক্ষের নেতাকর্মীরা উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে সীতাকুণ্ড থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতির কারণে অলংকার-সীতাকুণ্ড রুটের মিনিবাস চলাচলও সাময়িক বন্ধ রাখা হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। গতকাল বিকালে নগরের শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নেয়া হয়।

বগুড়াতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। গতকাল সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপির নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বগুড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আরো কর্মসূচি নেয়া হয়। গতকাল বিকালে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। জেলার ১৩টি উপজেলাতেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বরিশালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। নগরের অশ্বিনীকুমার হল প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি র‍্যালি বের করা হয়। এছাড়া মহানগর বিএনপির উদ্যোগেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীরা স্থানীয়ভাবে কর্মসূচি পালন করেছেন। কোথাও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও আলোচনা সভা হয়েছে, কোথাও শোভাযাত্রা ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জন্য আলাদা রাজনৈতিক প্রেক্ষাপটে পালিত হচ্ছে। প্রায় দুই দশক পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় দলটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। একই সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার নেতৃত্বে বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।