সারা দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬০ জন। এ হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত একদিনে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুজন। পাশাপাশি এ সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৬ জনে।
সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৭৩০ জন, খুলনায় ৩৭৬, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ ও রাজশাহী বিভাগে ১৭৬ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ১ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ১৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৯ জন মারা গেছে। এছাড়া খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহে ২৩, বরিশালে ২৫, চট্টগ্রামে ২৫, রাজশাহীতে ২১, রংপুরে ৬ ও সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।










