জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত পরামর্শক কমিটির ৪৬তম সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় ব্যবসায়ী নেতারা রাজস্ব প্রশাসনকে আরো আধুনিক ও হয়রানিমুক্ত সেবা প্রদানের অনুরোধ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা ও করদাতাদের প্রতি সহনশীল আচরণ করা হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত হবে। তিনি রিহ্যাবের পক্ষ থেকে এনবিআরের কাছে নিবন্ধন ব্যয় কমানোর প্রস্তাব তুলে ধরেন।
রিহ্যাব নেতা আরো উল্লেখ করে বলেন, সঠিক ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা দেশের বর্তমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি, কর নীতি সহজীকরণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করে বলেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আহরণ আরো গতিশীল হবে। সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এনবিআর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দিয়েছে।










