নারীদের ক্রিকেটে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতল শ্রীলংকা। গতকাল ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা উৎসব করল সিংহলিজ মেয়েরা। ডাম্বুলায় আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ভারত। জবাবে সিংহলিজরা ৮ উইকেট ও ৮ বল হাতে রেখে জয় তুলে নেয়।

স্মৃতি মন্ধানা ৪৭ বলে ৬০, রিচা ঘোষ ১৪ বলে ৩০ ও জেমিমা রদ্রিগেজ ১৬ বলে ২৯ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ১৬৬ রান করার কঠিন চ্যালেঞ্জের মুখে ব্যাটিংয়ে নেমে লংকানরা ৭ রানের মাথায় হারায় ভিশমি গুণারত্নেকে। এরপর অধিনায়ক চামারি আতাপাত্তু দুর্দান্ত ব্যাটিংয়ে (৪৩ বলে ৬১ রান) দলের আশা বাঁচিয়ে রাখেন। ১২তম ওভারের শেষ বলে দীপ্তি শর্মার শিকার হন তিনি। তখন ৪৮ বলে ৭২ রানের প্রয়োজন ছিল শ্রীলংকার। কাভিশা দিলহারিকে (১৬ বলে ৩০*) নিয়ে দক্ষতার সঙ্গেই লংকান তরী তীরে ভিড়িয়েছেন হারশিতা সামারাবিক্রমা (৫১ বলে ৬৯*)। এশিয়ান চ্যাম্পিয়ন দলটিকে ১ কোটি ডলার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

জয় শেষে লংকান দলনায়ক চামারি আতাপাত্তু বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে অত্যন্ত খুশি, বিশেষ করে ব্যাটিং নিয়ে এবং হারশিতা ও দিলহারির ব্যাটিং নিয়ে। ১২ মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি এবং এটি ধরে রাখতে চাই। জয়টি আমাদের দলের জন্যই কেবল নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও অনুপ্রেরণার উৎস হবে।’ ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর বিমর্ষচিত্তে বলেন, ‘পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেও আজ আমরা অনেক ভুল করেছি। সংগ্রহটা ভালোই ছিল। এরপর শ্রীলংকা ভালো ব্যাটিং করেছে, তাতে আমাদের কাজটাও কঠিন হয়ে যায়। শ্রীলংকাকে অভিনন্দন জানাই, কৃতিত্ব তাদেরই।’

সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২০ ওভারে ১৬৫/৬ (স্মৃতি ৬০, রিচা ৩০, জেমিমা ২৯; দিলহারি ২/৩৬)। শ্রীলংকা: ১৮.৪ ওভারে ১৬৭/২ (হারশিতা ৬৯*, চামারি ৬১, দিলহারি ৩০*; দীপ্তি শর্মা ১/৩০)। ফল: শ্রীলংকা ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা: হারশিতা সামারাবিক্রমা (শ্রীলংকা)। টুর্নামেন্টসেরা: চামারি আতাপাত্তু (শ্রীলংকা)।