রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা কুপিয়ে বাবু নামের এক যুবককে (২৬) হত্যা করেছে। একই ঘটনায় তার বাবা আবুল কাশেম (৫৫) গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুইজনকেই হাসপাতালে নিয়ে আসলে বাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত বাবা কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যানের তিন নম্বর রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের বোন আখতারী বেগম জানান, টাকা নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীবের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের। পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে চার নম্বর রোডে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা-ছেলেকে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ আরো কয়েকজন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঢাকা উদ্যানের তিন নম্বর রোডে হামলায় কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে গুরুতর অবস্থায় দুইজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত কাশেমকে হাসপাতালে চিকিৎসাধীন রেখেছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।









