ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বাগেরহাট, সিলেট, গাজীপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ফরিদপুর: মধুখালীতে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালীর মেছরদিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মেছরদিয়া গ্রামের মিঠুন ব্যাপারীর ছেলে মিনহাজ ব্যাপারী (১৫) ও কোটবাড়ির লক্ষ্মণদিয়া গ্রামের মৃত হাসেন মাতুব্বরের ছেলে সোহরাব মাতুব্বর (৪৫)।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।
বাগেরহাট: বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরো তিনজন। গতকাল সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গাজী (২০) মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
সিলেট: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জিয়াউর রহমান। নিহত শহীদ আহমদ চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
গাজীপুর: গাজীপুরের বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার প্রাইভেট কারের ধাক্কায় আবু বক্কর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি নিট গার্মেন্টসে নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন বলে জানিয়েছেন স্বজনরা। শুক্রবার রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা: মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় রোকেয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া আক্তার সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী। ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার দুই যাত্রী আহত হন। গতকাল তারাবো পৌরসভার রূপসী মৈকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন (৫৬) সোনারগাঁ থানার কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে।










