রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় পৃথক পাঁচটি দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ট্রেনে কাটা পড়ে দুই নারী, ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ী, বিলে ডুবে এক স্কুলছাত্রী এবং সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী রয়েছেন। আজ শুক্রবার জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে
পীরগাছা রেলস্টেশনসংলগ্ন সুখানপুকুর এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৫৫) এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরিন আক্তার তারিন (২১)।
পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিল। দুপুর ১২টা ১০ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, দুপুর ১২টা ২০ মিনিটে পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে যাওয়ার সময় আইরিন আক্তার রেললাইনে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহেব গণি বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিন সকালে পীরগাছা বাজারের ব্যবসায়ী নাহিদ হোসেন (৩৮) ছাদ থেকে পড়ে মারা যান। তিনি উপজেলার বটতলা এলাকার ফজলু মিয়ার ছেলে।
অন্যদিকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রোজাতুল খাতুন (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি রজ্জব আলীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান ভাষ্য, শুক্রবার দুপুরে গোসলের সময় একপর্যায়ে রোজাতুল পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিনে জুমার নামাজের পর ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ বাজার এলাকায় বাসচাপায় উজ্জ্বল রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। নিহত উজ্জ্বল রায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার দুলাল রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে রংপুরগামী একটি মোটরসাইকেল বড়দরগাহ বাজার এলাকায় পৌঁছালে চালক রাস্তা পার হওয়া দুই পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রংপুরগামী রোমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এতে পেছনে বসে থাকা উজ্জ্বল রায় ঘটনাস্থলেই নিহত হন। আহত চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।










