বাংলাদেশের প্রযুক্তি পেশাজীবীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বাড়াতে ১৩ মিলিয়ন ডলার অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। এ অর্থায়নে ‘ফস্টারিং ইনোভেটিভ টেকনোলজি এক্সপার্টস উইথ এ ফোকাস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (কোয়িকা) মধ্যে প্রকল্পটির রেকর্ড অব ডিসকাশন (আরওডি) ও টার্মস অব রেফারেন্স (টিওআর) স্বাক্ষর হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক আইটি শিল্পের চাহিদা পূরণে বাংলাদেশের প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে এআই বিষয়ে জ্ঞান ও দক্ষতার শক্ত ভিত্তি গড়ে তোলা। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলায় এআইভিত্তিক সমাধান প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্য রয়েছে।
এছাড়া বাংলাদেশী পেশাজীবীদের যোগ্যতা ও দক্ষতা বাড়িয়ে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে চাকরির সুযোগ বৃদ্ধি করা হবে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগও অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মামুনুর রশিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ) মাছুমা আকতার এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কোয়িকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম যৌথভাবে স্বাক্ষর করেন।










