বৈশাখের মাত্র দুদিন। সারাদেশে বিচ্ছিন্নভাবে আকাশের হাঁকডাক দেখা গেলেও বরেন্দ্রজুড়ে দেখা নেই বৃষ্টির। প্রকৃতি এখন রুদ্রমূর্তি। রোদে যেনো আগুন ঝরছে এ অঞ্চলে। আজ শুক্রবার তাপমাত্রার পারদ চড়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। কেবল মৌসুমেরই নয়, গত আট বছর পর পুরনো রেকর্ড স্পর্শ করল সর্বোচ্চ তাপমাত্রা।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত সাত বছরে তাপমাত্রার পারদ থেকেছে ৪১ ডিগ্রি সেলসিয়াসের নিচেই। আজ সেই রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা।

জানা গেছে, দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয় ১৯৪৯ সাল থেকে। এরমধ্যে রাজশাহীতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭২ সালের ১৮ মে রেকর্ড হওয়া এই তাপমাত্রা দেশের ইতিহাসেও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এরপর ২০০০ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড এখনো ভাঙেনি।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী রহিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। বেলা ৩টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৯ মার্চ রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

রহিদুল ইসলাম জানান, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটি মৃদু তাপদাহ হিসেবে ধরে নেয়া হয়। এছাড়া ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই সেটি মাঝারি এবং ৪০ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই সেটি তীব্র তাপদাহ হিসেবে গণ্য হয়। 

তিনি বলেন, বৃষ্টি না থাকায় গত কয়েকদিন ধরেই রাজশাহীতে তাপমাত্রা বাড়ছে। আগামী কয়েকদিন এ তাপদাহ থাকতে পারে। বৃষ্টি হলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এ অঞ্চলে।