এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। এ সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী আজ (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্ঞাপন হাতে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, 'আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।'
টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আজ (২১ অক্টোবর) আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে এ অর্থ দুই ধাপে দেয়া হবে বলে জানানো হয়েছে। চলমান অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি হবে।










