দেশীয় শিল্প রক্ষার্থে বহুজাতিক কোম্পানির নিম্নস্তর সিগারেটে শুল্ক বৃদ্ধি, তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, বহুজাতিক তামাক কোম্পানির আগ্রাসন থেকে চাষীদের সুরক্ষা করাসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বান্দরবানের লামা তামাক চাষী, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল দুপুরে লামা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০২১-২২ অর্থবছরের বাজেটে তামাকসংক্রান্ত প্রস্তাবনার প্রতিক্রিয়ায় পরিষদটি এ সংবাদ সম্মেলন করে। ছয় দফায় অন্য তিনটি দাবি হলো চাষীদের উৎপাদিত সব তামাক বিক্রির নিশ্চয়তা দিতে হবে, বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর কমাতে হবে, বিড়ির ওপর আরোপিত অগ্রিম ১০ শতাংশ আয়কর কমাতে হবে।

পরিষদের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আবু। এ সময় উপস্থিত ছিলেন লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও তামাক চাষী উশৈই থোয়াই মারমা, ঐক্য পরিষদের সমন্বয়কারী মো. ফারুক হোসেন প্রমুখ।