পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা প্রবর্তন করতে হবে।’

এ তহবিলগুলোর বরাদ্দ ও বণ্টনে আরো স্বচ্ছতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সেগুলো যাতে উদ্দিষ্ট জলবায়ু কার্যক্রমগুলোকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে তা নিশ্চিত করতে হবে।’

আজারবাইজানের শামাখিতে দুইদিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের প্রথম দিনে (২৬ জুলাই) বক্তৃতায় পরিবেশমন্ত্রী এ কথা বলেন। 

পরিবেশমন্ত্রী নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন প্রণয়নে স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনা করার ওপর জোর দেন। তিনি একটি স্পষ্ট জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে এটি ব্যাপকভাবে অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে।

হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামটি সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন বিষয়ে গভীর আলোচনার সঙ্গে শুরু হয়, যা ২০২৫ সালের পরে উন্নত দেশগুলোর দ্বারা উন্নয়নশীল দেশগুলোর জন্য বর্তমান ১০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন লক্ষ্যকে প্রতিস্থাপন করতে প্রস্তুত। এই রিট্রিটের আলোচনা বৈশ্বিক জলবায়ু অর্থায়নের ভবিষ্যৎকে কাঠামোবদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল দেশগুলোর জন্য আরো ন্যায়সংগত ও কার্যকর সমর্থন প্রদান করবে।